শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

ক্রাইস্টচার্চে মসজিদে গুলি: শোক–শ্রদ্ধায় ২৬ জনের দাফন

নিউজিল্যান্ডের জন্য আজকের দিনটি ছিল শুধুই শোকের। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরের পর ক্রাইস্টচার্চের মেমোরিয়াল পার্ক কবরস্থানে নিহত ২৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ছিল ৩ বছর বয়সী একটি শিশুও। মসজিদে হামলার ঘটনায় নিহত লোকজনের মধ্যে ইব্রাহিম নামের শিশুটি সর্বকনিষ্ঠ।

নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাফনের পর ধীরে ধীরে নিহত লোকজনের নাম-পরিচয় প্রকাশ করা হবে। ক্রাইস্টচার্চ সিটি কাউন্সিল এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।
এদিকে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় নিহত লোকজনের স্মরণে আজ শুক্রবার দেশটিতে দুই মিনিটের নীরবতা পালন করা হয়েছে। হামলার স্থান আল নুর মসজিদের কাছের হ্যাগলি পার্কে শুক্রবার দুপুরে শোক প্রকাশে হাজারো মানুষ সমবেত হন। প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন এতে যোগ দেন। রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশনে আজান প্রচারের পর দেশজুড়ে নীরবতা পালন করা হয়। এ ছাড়া মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ নিউজিল্যান্ডের অন্য ধর্মের নারীরা মাথায় হিজাব পরেছেন।

গত শুক্রবার আল নুর মসজিদে জুমার নামাজ আদায়রত মুসলিমদের ওপর আধা স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে হামলা চালায় অস্ট্রেলীয় যুবক ব্রেনটন টারান্ট (২৮)। এর কিছু পরে ব্রেনটন কাছাকাছি লিনউড মসজিদে হামলা চালান। দুটি হামলায় ৫০ জন নিহত হন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি। আহতও হন ৫০ জন। হত্যার অভিযোগ এনে ব্রেনটনকে কারাবন্দী রাখা হয়েছে।

এদিকে এরই মধ্যে অস্ত্র আইন পরিবর্তনে পদক্ষেপ নিচ্ছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন গতকাল বৃহস্পতিবার দেশটিতে সব ধরনের আধা স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

এই হামলার ঘটনায় আহত ২৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত পাঁচজনের অবস্থা এখনো গুরুতর। এর মধ্যে চার বছর বয়সী একটি মেয়েও আছে।

সাকিব ব্যাগে কী নিয়ে গেলেন হায়দরাবাদের জন্য

আইপিএল খেলতে সাকিব এখন কলকাতায়। বিমানবন্দরে তাঁর কাঁধের ব্যাগ নিয়ে হায়দরাবাদ একটু রসিকতাও করেছে
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে সানরাইজার্স হায়দরাবাদ টিম এখন কলকাতায়। ঢাকা থেকে রওনা দিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও। মাথায় কালো টুপি, পরনে ছাই রাঙা টি-শার্ট আর নীল জিনস—কলকাতা বিমানবন্দরে বাংলাদেশ অলরাউন্ডারকে উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।সাকিবের কাঁধে ব্যাগ দেখে ফেসবুকে নিজেদের পেজে হায়দরাবাদ খানিকটা রসিকতার সুরে লিখেছে, ‘অভিজ্ঞ ও অলরাউন্ড পারফরমার। সাকিব আল হাসান শুধু আসেনইনি, এক ব্যাগ ট্রিকস নিয়ে এসেছেন।’ সাকিব যেখানেই খেলতে যান প্রচুর ‘ট্রিকস’ বা ‘কৌশল’ নিয়েই যান। তাঁর কৌশল কতটা কার্যকর হায়দরাবাদ গত আইপিএলেই দেখেছে। ১৭ ম্যাচের ১৩ ইনিংসে ২৩৯ রান আর ১৪ উইকেট নিয়ে শুধু দলেরই নয়, পুরো টুর্নামেন্টে সেরা পাঁচ অলরাউন্ডারের একজন ছিলেন। হায়দরাবাদের ফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

ব্যাটিংয়ে লম্বা ইনিংস না খেলতে পারার অতৃপ্তি থাকলেও গতবার সাকিব সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন বোলিং দিয়ে। ২০১৮ আইপিএলে হায়দরাবাদের বোলিং যে সবচেয়ে সেরা বলা হয়েছিল, সেটির বড় কৃতিত্ব সাকিবের। টি-টোয়েন্টিতে স্পিনারদের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয় পাওয়ার প্লেতে। বেশির ভাগ ম্যাচে সাকিবকে আক্রমণে আসতে হয়েছিল এ সময়টাতেই। অধিনায়কের আস্থার যথার্থ প্রতিদানও দিয়েছেন তিনি। প্রতিপক্ষে টপ অর্ডারে আঘাত হানছেন, কৃপণ বোলিং করেছেন। হায়দরাবাদ যে ছয়টি লো স্কোর (১৫০ রানের নিচে) ডিফেন্ড করে জিতেছিল, বেশির ভাগ ম্যাচেই বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সাকিব। দুটিতে তো ম্যাচসেরার জোরালো দাবিদারও ছিলেন। শুধু পারফরম্যান্স দিয়েই নয়, যেহেতু বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক, নিজের অভিজ্ঞতা থেকে বুদ্ধি-পরামর্শ দিয়ে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনকে (এবারও তিনিই অধিনায়ক) নানাভাবে সহায়তা করছিলেন। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, দলের থিঙ্ক ট্যাংক—একের ভেতর তিন নয়, সাকিব যেন চার! এ কারণে বাংলাদেশ অলরাউন্ডারকে এক ম্যাচেও বসিয়ে রাখেনি হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট।

সাকিব যে হায়দরাবাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি শুধু টুর্নামেন্টে নয়; অন্য সময়েও বুঝিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবকে যেমন এবার আইপিএল নিলামে উঠতেই দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। আজ কলকাতা বিমানবন্দরে পৌঁছানো মাত্র সাকিব নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তাঁর দল হায়দরাবাদের পেজে। বাঁহাতি অলরাউন্ডারের কলকাতায় পা রেখেই মনে পড়ে গেছে পুরোনো স্মৃতি, ‘কলকাতায় আসা ও কলকাতার ইডেন গার্ডেনসে বিপুল দর্শকের সামনে খেলা—এই স্টেডিয়ামে অনেক স্মৃতি আছে আমার। পরশু ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমাদের সমর্থন করুন, আমাদের ওপর আস্থা রাখুন। আশা করি আপনাদের আস্থার প্রতিদান দিতে পারব।’

শুধু আজই নয়, সাকিবের বিশেষ কোনো অর্জন বেশ ফলাও করে প্রকাশ-প্রচার করে থাকে হায়দরাবাদ। এমনকি তাঁর বিবাহবার্ষিকীতে পর্যন্ত শুভেচ্ছা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। অবশ্য এর সঙ্গে একটি বাণিজ্যিক উদ্দেশে আছে, সেটিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হায়দরাবাদ খুব ভালো করেই জানে, সাকিব এই দলে খেলেন বলেই বাংলাদেশের দর্শকদের বিপুল আগ্রহ কিংবা সমর্থন তাদের প্রতি। সাকিবের ছবি বা কথা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মানেই বাংলাদেশের দর্শকেরা সেটি বিপুল উৎসাহ নিয়ে দেখবেন। কিন্তু শুধু দর্শকদের আগ্রহের কথা চিন্তা করেই যে সাকিবকে হায়দরাবাদ ভীষণ গুরুত্ব দেয়, মোটেও তা নয়। মাঠে তিনি দুর্দান্ত পারফরমার, ধারাবাহিক ভালো খেলেন, হায়দরাবাদের কাছে এটিই বেশি গুরুত্বপূর্ণ।

কাল চেন্নাইয়ে বিরাট কোহলির বেঙ্গালুরুর সঙ্গে ধোনির চেন্নাইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। তবে বাংলাদেশের দর্শকদের আইপিএল শুরু রোববারে। ইডেন গার্ডেনসে কলকাতার বিপক্ষে নামবে সাকিবের হায়দরাবাদ। মাঝে তিনটা মৌসুম বাংলাদেশের দর্শকদের কাছে আইপিএল মানে ছিল সাকিব-মোস্তাফিজ। এবার সেটি নেমে এসেছে শুধু সাকিবে। বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাস-হতাশা নির্ভর করছে ‘ব্যাগ করে নিয়ে যাওয়া’ এ অলরাউন্ডারের ‘ট্রিকসের’ সাফল্য-ব্যর্থতার ওপর!

র‌্যাব গ্রেপ্তার করার ৮ ঘণ্টা পর যুবকের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে এক যুবক গ্রেপ্তার হওয়ার প্রায় আট ঘণ্টা পর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় যুবকের। র‌্যাবের দাবি, ওই যুবক মাদক ব্যবসায়ী ছিলেন। গ্রেপ্তার এড়াতে অতিরিক্ত ইয়াবা বড়ি খাওয়ার ফলে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া যুবকের নাম মো. শাকিল খান (২৮)। শাকিলের বাড়ি দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. শাহ আলম খান। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার পর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাকিলের মৃত্যু হয়।মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাকিলকে গতকাল বিকেলে দশমিনা উপজেলার রমানাথ সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী র‌্যাব-৮–এর একটি দল।প্রত্যক্ষদর্শী ও শাকিলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে শাকিলকে সাদাপোশাকধারী কয়েকজন আটক করে মারধর করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করে। তবে সাদাপোশাকধারী ব্যক্তিরা র‌্যাবের পরিচয়পত্র দেখালে স্থানীয় লোকজন সরে দাঁড়ায়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার এড়াতে শাকিল সঙ্গে থাকা অনেক ইয়াবা বড়ি খেয়ে ফেলেন। এ কারণে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা, র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল ছিলেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা ছিল।

শাকিলের এক স্বজন অভিযোগ করেন, শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে বেলা সাড়ে তিনটায়। অথচ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রাত ১১টা ১০ মিনিটে। গ্রেপ্তারের আগেই শাকিল ইয়াবা ট্যাবলেট খেয়ে থাকলে দীর্ঘ সময়ে কেন শাকিলকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়নি?
এ বিষয়ে জানার জন্য র‌্যাব-৮–এর মুঠোফোন নম্বরে কল করলেও কেউ ধরেননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আখতারউজ্জামান বলেন, গতকাল রাত ১১টা ১০ মিনিটের দিকে র‌্যাবের সদস্যরা শাকিলকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। র‌্যাবের সদস্যরা জানান, শাকিল ইয়াবা বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ওই সময় শাকিল কথা বলতে না পারলেও ইয়াবা বড়ি খাওয়ার কথা মাথা নেড়ে স্বীকার করেন। তাঁর পাকস্থলী ওয়াশের জন্য ওয়াশকক্ষে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। চিকিৎসক বলেন, অতিরিক্ত ইয়াবা বড়ি সেবনে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি খাতার তথ্য অনুযায়ী, র‌্যাব-৮–এর দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) সোয়েব আহম্মেদ শাকিলকে ভর্তি করান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডাকসু ভিপির দায়িত্ব নিচ্ছেন নুরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহসভাপতির (ভিপি) দায়িত্ব নিচ্ছেন নুরুল হক। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে নুরুল নিজেই দায়িত্ব গ্রহণের বিষয়টি জানান।

১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হওয়ার পর নুরুল দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আজ এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করলেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই নেতা। কাল শনিবার ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নুরুলের সঙ্গে তাঁর প্যানেলের সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও দায়িত্ব নেবেন।ডাকসুর ২৫টি পদের মধ্যে বাকি ২৩টি পদেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের প্যানেল জয় পেয়েছে। আজ সংবাদ সম্মেলনে নুরুল হক বলেন, 'শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে আগামীকাল অনুষ্ঠেয় ডাকসুর কার্যকরী সভায় আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব। পুনর্নির্বাচনের দাবিসহ শিক্ষার্থীদের অন্য যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করতে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম চলবে। পুনর্নির্বাচনের চাওয়া আমাদের বরাবরের মতোই রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম এবং ডাকসু নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের যেসব অঙ্গসংগঠন বা কথা বলার জায়গা রয়েছে, সেসব জায়গায় অনিয়ম নিয়ে কথা বলতেই আমরা দায়িত্ব নিচ্ছি।’

দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দাবি করে নুরুল হক বলেন, ‘দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে মেধাভিত্তিক সুস্থধারার ছাত্র রাজনীতির পরিবর্তে অর্থ ও পেশিশক্তি–নির্ভর অপরাজনীতির বিকাশ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হল আর বিজয় একাত্তর হল ছাড়া অন্য হলগুলো প্রশাসন যেন ক্ষমতাসীন ছাত্রসংগঠনের কাছে ইজারা দিয়েছে। যে মেধা অনুযায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্নকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এক টুইট বার্তায় একটি বন্দুকের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয়, ‘পরবর্তী লক্ষ্য আপনি’।

দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি বাতিল করে টুইটার কর্তৃপক্ষ। এর ৪৮ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই পোস্ট দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই পোস্ট ছাড়াও একই বার্তা দিয়ে অপর একটি টুইট বার্তা পোস্ট করা হয়েছিল। ওই পোস্টটি প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির পুলিশ সংস্থাকে ট্যাগ করা হয়। এই পোস্টটি ব্যবহারকারীদের নজরে আসার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে টুইটার ব্যবহারকারীরা ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন (রিপোর্ট) জানাতে থাকেন। পরে বিকেলে টুইটার কর্তৃপক্ষ এসব আবেদনে সাড়া দেয়।

টুইটারের একজন মুখপাত্র বলেন, ‘আমরা প্রথম রিপোর্ট পাওয়ার পরপরই অ্যাকাউন্ট বাতিল করতে দ্রুত সিদ্ধান্ত নিই। আমাদের টিম প্রতিনিয়তই ক্রাইস্টচার্চ সংশ্লিষ্ট উসকানিমূলক বার্তা মুছে ফেলতে তৎপর রয়েছে। আমরা এই ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।’

প্রতিবেদনে বলা হয়, হুমকি দেওয়া ওই অ্যাকাউন্টে ইসলামবিদ্বেষী ও শ্বেতাঙ্গবাদের শ্রেষ্ঠত্বের কথা প্রচার করা হচ্ছিল। দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলছেন, তাঁরা বিষয়টি তদন্ত করছেন।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । এতে ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। ঘটনার পরপর আটক করা হয় অস্ট্রেলিয়ান এক নাগরিককে।

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘মেধাবী ছাত্র আবরারের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা রাস্তায় শৃঙ্খলা রক্ষা করতে পারিনি। এই ব্যর্থতা আমাদের সবার। এর দায়ভার কেউ এড়াতে পারেন না। আমরা কেউ চাই না এ রকম দুর্ঘটনা হোক।’

ডিএমপি কমিশনার আজ বৃহস্পতিবার গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ট্রাফিক সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।